কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে স্কুলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষ ক্যামেরা না পেয়ে বিষয়টি জানতে পারে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিষয়টি জানায়। তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চুরি হওয়া ক্যামেরা দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
কসমিক ডেস্ক