ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত বেড়ে ১৪ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত বেড়ে ১৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত বেড়ে ১৪ ছবির ক্যাপশন:

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় রাজধানী কিয়েভ, ক্রিভি রিহ, দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভসহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের রুশ হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন। সেই আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার কিছু পর রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কিয়েভের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাজধানীতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। অন্যদিকে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। পোলতাভা অঞ্চলেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে। সেখানে রাশিয়ার ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে। এতে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত এবং আরও আটজন আহত হন।

ক্রিভি রিহ প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, এটি ছিল ‘এক অন্ধকার রাত’। তিনি জানান, রাশিয়ার ভোরোনেঝ অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি একটি বড় পরিবারের বাড়িতে আঘাত করে। ধ্বংসস্তূপ অপসারণের কাজ এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে পোল্যান্ড সীমান্তসংলগ্ন লভিভ শহরেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ২৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরি সেবাকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউক্রেনের প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার