ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “নয়ন তুমি ভালো হয়ে যাও।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। নয়ন যত বেশি কথা বলবেন, মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁর বাসার সামনে বেশ কয়েকজন বাইক নিয়ে ঘোরাফেরা করছে। এতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের কাছে পরিবার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী অফিসে যান রবিউল ইসলাম নয়ন। সেখানে গিয়ে তিনি নাসীরুদ্দীনের বাসার ঠিকানা জানতে চান। নয়ন দাবি করেন, তিনি ওই এলাকার বাসিন্দা হওয়ায় প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসার ঠিকানা জানা প্রয়োজন। ভবিষ্যতে সংসদ সদস্য হলে কোনো সমস্যায় তাঁর কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ‘হক ক্যাসেল’ ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় শেষে তিনি অভিযোগ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে কিছু প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, জনমত উপেক্ষা করে নির্দিষ্ট কিছু প্রার্থীকে জয়ী করানোর চেষ্টা উদ্বেগজনক।
কসমিক ডেস্ক