শিশু সুরক্ষা মামলায় মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিশু সুরক্ষা মামলায় মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
শিশু সুরক্ষা মামলায় মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা ছবির ক্যাপশন:

শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে মামলায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন এক মার্কিন বিচারক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা। এর আগে একই মামলায় প্রতিষ্ঠানটিকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। ফলে দুই দফায় মেটার মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার।

মামলার দ্বিতীয় ধাপের রায় দিতে গিয়ে বিচারক ব্রায়ান বিডশেইড মেটার প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাবকে ‘জনদুর্ভোগ’ বা জনস্বাস্থ্য ও নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে উল্লেখ করেন। তার মতে, শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব শুধু অনলাইন প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নয়; এর প্রভাব পরিবার, বিদ্যালয়, হাসপাতাল ও আইন প্রয়োগকারী সংস্থার ওপরও পড়ছে।

মামলায় অভিযোগ করা হয়, মেটার প্ল্যাটফর্মগুলোর সুপারিশমূলক অ্যালগরিদম অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ক্ষতিকর কনটেন্ট ও অনুপযুক্ত যোগাযোগের দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে শিশুদের যৌন উত্তেজক কনটেন্ট ও যৌন শিকারীদের সংস্পর্শে আসার ঝুঁকি তৈরি হয়েছে বলেও অভিযোগ করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার একটি বড় অংশ ভবিষ্যৎ ক্ষতি কমানোর জন্য তৈরি তহবিলে জমা দিতে হবে। এর মধ্যে ৪২০ মিলিয়ন ডলার শিশুদের ইতিমধ্যে ঘটে যাওয়া ক্ষতির চিকিৎসা ও আচরণগত স্বাস্থ্য কর্মসূচিতে ব্যয় করার কথা রয়েছে। শিক্ষক ও স্বাস্থ্য পেশাজীবীদের প্রশিক্ষণসহ সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমেও অর্থ ব্যয় করা হবে।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় মেটাকে বেশ কিছু পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্কদের কাছে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট সুপারিশ না করা, প্রাপ্তবয়স্কদের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের মেসেজ পাঠানো ঠেকানো এবং অপ্রাপ্তবয়স্কদের নগ্নতা-সংক্রান্ত কনটেন্ট পাঠানো বা গ্রহণ বন্ধ করা।

রায়ের প্রতিক্রিয়ায় মেটার এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং তারা আপিল করবে। মেটার দাবি, ব্যবহারকারীদের নিরাপদ রাখতে তারা নিয়মিত কাজ করছে এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণের বিষয়ে প্রতিষ্ঠানটি স্বচ্ছ।

এদিকে শিশু সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মেটার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে। আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ায়ও শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আ.লীগের পদধারীরা ভোটগ্রহণ কর্মকর্তা

আ.লীগের পদধারীরা ভোটগ্রহণ কর্মকর্তা