চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে অভিযান চালিয়ে ছয় হাজার পাঁচ শ মিটার দৈর্ঘ্যের সাতটি নিষিদ্ধ জাল ও দুটি বড়শি জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার (২২ জুলাই) উপজেলা মৎস্য অফিস এ তথ্য নিশ্চিত করে জানায়, মঙ্গলবার রাত ৮টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হিসেবে স্বীকৃত হালদা নদীতে কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের নিরাপদ প্রজনন পরিবেশ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী, হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর, আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া অংশ নেন।
অভিযান চলাকালে হালদা নদীর খলিফারগোনা এলাকা থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে ছয়টি অবৈধ চরঘেরা জাল, একটি ভাসা জাল এবং দুটি বড়শি জব্দ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ছয় হাজার পাঁচ শ মিটার এবং এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, হালদা নদীর প্রাকৃতিক সম্পদ, মা মাছ এবং প্রজনন পরিবেশ সুরক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
কসমিক ডেস্ক