মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অভিযোগে একটি মাংসের দোকান বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ মার্চ) শহরের পশ্চিম বাজার এলাকায় পরিচালিত অভিযানে ‘হৃদয় মিট হাউস’ নামে দোকানটি সিলগালা করা হয়।
অভিযানকালে দোকানে ঝোলানো খাসির মাংসের রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত এবং তীব্র দুর্গন্ধযুক্ত বলে সন্দেহ হয়। পরে নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষায় পাঠানো হলে তা পচা এবং খাওয়ার সম্পূর্ণ অনুপযোগী বলে নিশ্চিত হওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মাংসটি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এবং মানবদেহের জন্য ক্ষতিকর। ফলে তাৎক্ষণিকভাবে ঝোলানো মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়, যাতে কেউ তা পুনরায় ব্যবহার করতে না পারে।
অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয় এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরও জানিয়েছে, খাদ্যদ্রব্য বিক্রির ক্ষেত্রে মান ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত চালানো হচ্ছে বলেও তারা উল্লেখ করেছে।
কসমিক ডেস্ক