বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ। রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ-সংক্রান্ত একটি খোলা চিঠি পাঠান তিনি।
চিঠিতে বিদিশা এরশাদ লেখেন, “দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না। সময়, ধৈর্য, আত্মসংযম ও রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও লেখেন, “একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না; তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।”
বিদিশা এরশাদ আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে।
চিঠির শেষাংশে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক