বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধিনিষেধ পাকিস্তানের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধিনিষেধ পাকিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধিনিষেধ পাকিস্তানের ছবির ক্যাপশন:

পাকিস্তান সরকার বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নতুন ভ্রমণ ও নিবন্ধনসংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ইসলামাবাদ, লাহোর ও করাচির বাইরে সংবাদ সংগ্রহ বা সরকারি কাজে কনটেন্ট তৈরির জন্য ভ্রমণের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক্সটারনাল পাবলিসিটি (ইপি) উইং থেকে বাধ্যতামূলকভাবে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জারি করা নির্দেশিকায় বিদেশি সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধন, স্বীকৃতি ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত নিয়ম উল্লেখ করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই ইপি উইংয়ে নিবন্ধিত বা স্বীকৃত সাংবাদিকদেরও ইসলামাবাদ, লাহোর ও করাচির বাইরে অন্য শহরে যেতে হলে এনওসি নিতে হবে। এই নিয়ম সরকারি কাজের জন্য সংবাদ প্রতিবেদন, প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র, ভিডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরির ক্ষেত্রেও প্রযোজ্য।

তবে ইসলামাবাদ, লাহোর ও করাচিতে কাজের জন্য এনওসি প্রয়োজন হবে না। এছাড়া অবকাশ যাপনের উদ্দেশ্যে অ্যাবোটাবাদ ও মুরিতে যেতে চাইলে আবেদন সাপেক্ষে ইপি উইং তিন কর্মদিবসের মধ্যে এনওসি দেওয়ার চেষ্টা করবে বলে জানানো হয়েছে।

নতুন নির্দেশিকায় আন্তর্জাতিক মুদ্রিত, ইলেকট্রনিক ও ডিজিটাল সংবাদমাধ্যমের পাশাপাশি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকদের নির্ধারিত অনলাইন পোর্টালে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত এবং বিদেশি গণমাধ্যমে কর্মরত পাকিস্তানি সাংবাদিকদেরও নিকটস্থ পাকিস্তানি কূটনৈতিক মিশনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া বিদেশি সংবাদমাধ্যমকে সহায়তা দেওয়া প্রযোজনা প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার, ফিক্সার এবং অন্যান্য সেবাদানকারীদের জন্যও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত সাংবাদিকদের কিউআর-সংযুক্ত পিভিসি স্বীকৃতি কার্ড দেওয়া হবে, যা সরকারি অনুষ্ঠান ও সরকারি স্থাপনায় প্রবেশে ব্যবহার করা যাবে। ডনের তথ্য অনুযায়ী, নিবন্ধন কার্ড সাত কর্মদিবসের মধ্যে এবং পূর্ণাঙ্গ স্বীকৃতি কার্ড চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দেওয়া হতে পারে।

এদিকে, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে গণমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এশিয়াসহ বিভিন্ন সংস্থা সাংবাদিকদের ওপর আরোপিত বিধিনিষেধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা এবং সংবাদ সংগ্রহে সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিএনপি শপথ না নেওয়ায় সংকট, ডাকসু প্রকাশ করল গভীর উদ্বেগ

বিএনপি শপথ না নেওয়ায় সংকট, ডাকসু প্রকাশ করল গভীর উদ্বেগ