মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা এখন থেকে মূল বেতন পাবেন ৩২ হাজার ৫৪০ টাকা।
সম্প্রতি অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি দেয়।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের মূল বেতন জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে তাদের মূল বেতন দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা।
তবে এই বেতন কাঠামো শর্তসাপেক্ষে কার্যকর হবে বলে জানানো হয়েছে। শর্ত অনুযায়ী, তারা কোনো বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন না। তবে বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি পাবেন।
এছাড়া তাদের পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা প্রযোজ্য হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত প্রশাসনিক সহায়তাকারী পদগুলোর বেতন কাঠামোকে একীভূত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক