কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ChatGPT যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন প্রযুক্তি উদ্যোক্তা Elon Musk।
তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শিশু এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের এই এআই চ্যাটবট ব্যবহার থেকে দূরে রাখা উচিত।
খুদে ব্লগিং প্ল্যাটফর্ম X-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তার এই বক্তব্যের পর আবারও চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে OpenAI এবং এর প্রধান নির্বাহী Sam Altman-এর সঙ্গে।
মাস্ক মূলত এক ব্যবহারকারীর পোস্ট উদ্ধৃত করে নিজের মতামত জানান।
ওই পোস্টে দাবি করা হয়, গত মাসে কানাডার একটি বিদ্যালয়ে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার আগে হামলাকারী জেসি ভ্যান রুটসেলার চ্যাটজিপিটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে হামলার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal-এর এক প্রতিবেদনে বলা হয়, হামলার আগে কয়েক দিন ধরে ওই ব্যক্তি চ্যাটজিপিটির সঙ্গে বন্দুক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, কথোপকথনের কিছু বার্তা স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে শনাক্তও হয়েছিল।
এ বিষয়ে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানান, সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরে নিষিদ্ধ করা হয়েছিল।
তবে তাদের মূল্যায়নে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেনি।
এর আগে ইলন মাস্ক দাবি করেছিলেন, চ্যাটজিপিটি ব্যবহারের সঙ্গে একাধিক মৃত্যুর ঘটনার সম্পর্ক থাকতে পারে।
তার মতে, অন্তত নয়টি মৃত্যুর ঘটনায় এই প্রযুক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যার মধ্যে পাঁচটি আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
এক পোস্টে তিনি লিখেছিলেন, “আপনার প্রিয়জনদের চ্যাটজিপিটি ব্যবহার করতে দেবেন না।”
এই মন্তব্যের জবাবে স্যাম অল্টম্যান বলেন, এ ধরনের ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক হলেও বিষয়টি অত্যন্ত জটিল এবং এককভাবে প্রযুক্তিকে দায়ী করা যায় না।
অন্যদিকে পাল্টা সমালোচনায় অল্টম্যান বলেন, মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান xAI-এর তৈরি চ্যাটবট গ্রোকও নানা বিতর্কের মুখে পড়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাস্কের প্রতিষ্ঠান Tesla-এর অটোপাইলট প্রযুক্তি সম্পর্কিত দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
কসমিক ডেস্ক