নারী ক্রিকেটে নতুন অধ্যায়, এপ্রিলেই শুরু নারী বিপিএল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারী ক্রিকেটে নতুন অধ্যায়, এপ্রিলেই শুরু নারী বিপিএল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
নারী ক্রিকেটে নতুন অধ্যায়, এপ্রিলেই শুরু নারী বিপিএল ছবির ক্যাপশন:

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নারী ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরুষদের বিপিএলের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার নারী ক্রিকেটারদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বিসিবি সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং প্রাথমিকভাবে এতে তিনটি দল অংশ নেবে।

যদিও অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

৪, ৫ ও ৬ এপ্রিল বগুড়ায় এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিযোগিতার পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ৯, ১০ ও ১১ এপ্রিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আরও তিনটি ম্যাচ আয়োজন করা হবে।

দুই ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচগুলোর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ফাইনালে জায়গা করে নেবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে অবস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ এপ্রিল।

তবে আবহাওয়াজনিত কোনো কারণে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে না পারলে বিকল্প হিসেবে ১৫ এপ্রিল ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

নারী বিপিএল আয়োজনকে কেন্দ্র করে বগুড়ায় ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানিয়েছেন, টুর্নামেন্ট উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ জোরদার করা হয়েছে। কিউরেটর এবং গ্রাউন্ডসম্যানরা মাঠ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন।

বিসিবির নির্দেশনা অনুযায়ী স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজও চলছে। এর মধ্যে মিডিয়া বক্স সংস্কার এবং স্টেডিয়ামের বাইরের রাস্তা মেরামতের কাজও শুরু হয়েছে।

টুর্নামেন্টে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রতিটি দলে কয়েকজন করে বিদেশি ক্রিকেটার খেলবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। এতে প্রতিযোগিতাটি আরও আকর্ষণীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া বিসিবির পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। দর্শকদের মাঠে বসে খেলা দেখার সুযোগও থাকবে। যদিও গ্যালারির টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত বগুড়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে নারী বিপিএলকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় ক্রিকেটভক্তরা মনে করছেন, এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেছেন, নারী বিপিএল আয়োজন সফল হলে ভবিষ্যতে এই স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের পথও সুগম হবে।

নারী ক্রিকেটের বিকাশ এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। একই সঙ্গে নারী ক্রিকেটারদের জন্য একটি বড় মঞ্চ তৈরি হবে, যেখানে তারা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভারতের এবং যুক্তরাষ্ট্রের প্রভাব দেশের মানুষের জন্য নয়: চরমো

ভারতের এবং যুক্তরাষ্ট্রের প্রভাব দেশের মানুষের জন্য নয়: চরমো