হরমুজ প্রণালি খুলতে চীনের সহযোগিতা চান ট্রাম্প The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালি খুলতে চীনের সহযোগিতা চান ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
হরমুজ প্রণালি খুলতে চীনের সহযোগিতা চান ট্রাম্প ছবির ক্যাপশন:

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে চীনের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠকের আগেই চীন এই গুরুত্বপূর্ণ জলপথ আবার চালু করতে উদ্যোগ নেবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি জানান, চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সেই বৈঠকের আগেই হরমুজ প্রণালি নিয়ে চীনের কাছ থেকে কার্যকর পদক্ষেপ দেখতে চান তিনি।

ট্রাম্প বলেন, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল আমদানির ক্ষেত্রে এই প্রণালি ব্যবহার করে থাকে। তাই এই গুরুত্বপূর্ণ জলপথ চালু রাখতে বেইজিংয়েরও বড় ধরনের স্বার্থ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্টের মতে, দুই সপ্তাহ অপেক্ষা করা অনেক দীর্ঘ সময়। তিনি চান, বৈঠকের আগেই এ বিষয়ে চীনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক।

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতির ওপর নির্ভর করে তার বেইজিং সফর পিছিয়েও যেতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চীনের তুলনামূলক ভালো সম্পর্ক রয়েছে। ফলে বেইজিং হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটে যাওয়ার প্রয়োজন মনে নাও করতে পারে।

এদিকে ভারতও জানিয়েছে, তেহরানের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে তাদের দুটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে।

এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলছে। হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে ইরানের সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করতে কয়েকটি দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন।

ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এতে সাড়া দেয়নি।

বর্তমানে হরমুজ প্রণালির আশপাশে বহু দেশের জাহাজ আটকে রয়েছে বলে জানা গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এ অবস্থায় হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফের কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা

ফের কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা