ঢাকায় ২০ কুকুর হত্যার দায়ে তিনজনের কারাদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকায় ২০ কুকুর হত্যার দায়ে তিনজনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ঢাকায় ২০ কুকুর হত্যার দায়ে তিনজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:

রাজধানীর ধলপুর এলাকায় ২০টি কুকুর হত্যার ঘটনায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক।

রায় ঘোষণার সময় দণ্ডিত মানিক আদালতে উপস্থিত ছিলেন।

পরে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়।

অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী সাইম উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, একই আইনের ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রেও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

তবে উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় আসামিদের দুই বছর কারাভোগ করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর লিচু বাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর হত্যা করা হয়।

হত্যার পর কুকুরগুলোর মরদেহ বস্তায় ভরে নিয়ে যান আবুল খায়ের, অপু ও মানিক।

পরবর্তীতে একটি ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ২৫ জানুয়ারি অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের সদস্য মারুফুল হক আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

এরপর ২০২৪ সালের ২১ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।

মামলার বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্যগ্রহণ করেন।

পরে আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার এ রায় ঘোষণা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় বকেয়া বেতনের জন্য শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় বকেয়া বেতনের জন্য শ্রমিকদের সড়ক অবরোধ