গাজীপুরের টঙ্গীতে এক রিয়েল এস্টেট কোম্পানির মালিকের অফিসের সামনে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোম্পানির এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (৮ মার্চ) রাত আটটার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড কোম্পানির মালিক মো. কামরুজ্জামানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
তবে ঘটনার দুই মিনিট আগে অফিস ত্যাগ করায় কোম্পানির মালিক কামরুজ্জামান অল্পের জন্য প্রাণে রক্ষা পান বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
আহত নিরাপত্তাকর্মী নান্টু মিয়া (৩৬) জানান, শনিবার রাত প্রায় পৌনে আটটার দিকে দুই ব্যক্তি অফিসের গেটে এসে মালিক কামরুজ্জামানকে খুঁজতে থাকেন। তারা অফিসের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে তিনি বাধা দেন।
এ সময় ওই দুই ব্যক্তি মালিকের অবস্থান জানতে চান। পরে তারা নান্টুকে জোর করে রাস্তার পাশে নিয়ে যান। কিছুক্ষণ পর আরও দুইজন অপরিচিত ব্যক্তি সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন।
নান্টু মিয়া জানান, চারজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং মালিকের অবস্থান সম্পর্কে জানতে চাপ দেয়।
তিনি বলেন, “আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকে। তখন তারা আতঙ্ক সৃষ্টি করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।”
এরপর দুর্বৃত্তরা একটি নোয়া গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
রিয়েল এস্টেট কোম্পানির মালিক মো. কামরুজ্জামান বলেন, “সন্ত্রাসীরা কেন আমাকে খুঁজছিল তা আমি জানি না। সম্প্রতি কেউ আমার কাছে চাঁদা দাবি করেনি।”
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেছে এবং অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে।
নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে কামরুজ্জামান বলেন, “আমি আমার জীবনের নিরাপত্তা চাই এবং কোম্পানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা এবং একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ গুলির শব্দ ও বিস্ফোরণের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন।
তারা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
কসমিক ডেস্ক