কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর এলাকায় ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ন্যান্সি গ্রেওয়াল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে উইন্ডসর এলাকার টড লেনের কাছে ছুরিকাঘাতের একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ন্যান্সি গ্রেওয়ালকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও প্যারামেডিক দল দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
উইন্ডসর পুলিশ সার্ভিস প্রাথমিক তদন্তে এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন হামলা হিসেবে বিবেচনা করছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তের স্বার্থে কানাডা স্ট্রিট ও বিশপ স্ট্রিট এলাকার দুটি বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে নিহত ন্যান্সি গ্রেওয়ালের পরিবারের পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। তার মা শিন্দরপল কৌর স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে ন্যান্সি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছিলেন। কয়েক মাস আগে তার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
শিন্দরপল কৌরের দাবি, স্থানীয় একটি গুরুদ্বারের সঙ্গে যুক্ত একজনসহ মোট তিনজনের বিরুদ্ধে সন্দেহ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে একজন সন্দেহভাজনকে শনাক্ত করার পর থেকেই ন্যান্সিকে ভয় দেখানো হচ্ছিল।
ন্যান্সি গ্রেওয়াল ভারতের পাঞ্জাবের জলন্ধর অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী মতামত প্রকাশের জন্য পরিচিত ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করতেন।
বিশেষ করে খালিস্তানপন্থি আন্দোলনের বিরোধিতা করে তিনি নিয়মিত বক্তব্য দিতেন এবং এ বিষয়ে ভিডিও প্রকাশ করতেন। কানাডা ও ভারতের রাজনৈতিক সম্পর্ক এবং বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম নিয়ে তার মন্তব্য অনেক সময় আলোচনার জন্ম দিত।
তার ভিডিওগুলোতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনাও দেখা গেছে। এর মধ্যে জেলবন্দি সাংসদ অমৃতপাল সিং, শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া এবং গুরিন্দর সিং ডিলনের বিষয়ে কড়া মন্তব্য করতেন তিনি।
ন্যান্সি গ্রেওয়ালের হত্যাকাণ্ড ঘিরে কানাডার স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে তার মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পুলিশ বলছে, ঘটনার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা বিরোধ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
কসমিক ডেস্ক