ছাত্র আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি শিক্ষা ব্যবস্থা সংস্কার, জাতীয় শিক্ষানীতির (এনইপি) ধারাবাহিকতা বজায় রাখা এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান প্রহ্লাদ জোশী। তিনি বলেন, দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করবেন।
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোশী বলেন, “কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। আমার ওপর আস্থা রাখায় আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।”
তিনি বলেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষা খাতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেছে। একই সঙ্গে তিনি তার পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রহ্লাদ জোশীর ভাষ্য, গত চার থেকে পাঁচ বছরে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন ভিত্তি দিয়েছে। তিনি বলেন, নতুন শিক্ষানীতির মাধ্যমে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে পদত্যাগ গ্রহণের পর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ জোশীকে।
বর্তমানে প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে এখন তিনি ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও তত্ত্বাবধান করবেন।
কসমিক ডেস্ক