সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। সোমবার (২ মার্চ) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে দূতাবাস। আইন লঙ্ঘন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে দূরে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে অপ্রত্যাশিত জটিলতা এড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।
জরুরি প্রয়োজনে প্রবাসীদের সহায়তার জন্য দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে। কূটনৈতিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইংয়ের জন্য ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য ৮০০১০০০১২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, যে কোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক