চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে। খেলাধুলাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত নকশা অনুযায়ী এসব স্টেডিয়াম সুচারুভাবে নির্মাণ করা হবে। পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের নিতে হবে। তিনি আরও বলেন, “মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
তিনি জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। এতে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে খেলাধুলার মানোন্নয়ন ও প্রতিভা বিকাশে কাজ করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলনের সুযোগ পাবেন এবং নতুন প্রতিভা গড়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি), প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত, পটিয়া থানার ওসি জিয়াউল হকসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আকতারুজ্জামান ফাহিম, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম