চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার ছবির ক্যাপশন:

জাতীয় সংসদের চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। রাজনৈতিক সমঝোতা ও বৃহত্তর স্বার্থের কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ড. জালাল উদ্দিনের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোলাফ হোসেন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে গণঅধিকার পরিষদ রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর-২ আসনে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গোলাফ হোসেন জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ একটি নির্বাচনী পরিবেশ উপভোগ করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি তিনি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ ভূমিকা ছিল ঐতিহাসিক। সেই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতেই রাজনৈতিক ঐক্যের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোলাফ হোসেন জানান, চাঁদপুর-১ ও চাঁদপুর-৩ আসনের মতো চাঁদপুর-২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে তারা ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তোলা। যে মতলবে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুবসহ উভয় দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এই ঘোষণার মাধ্যমে চাঁদপুর-২ আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক ঐক্যের এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলবে—তা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যেও আলোচনা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সহিংসতা ঠেকাতে নির্বাচনী কেন্দ্রে বাড়তি নজরদারি: আইজিপি

সহিংসতা ঠেকাতে নির্বাচনী কেন্দ্রে বাড়তি নজরদারি: আইজিপি