স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন, যেখানে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়েছেন।
মির্জা ফখরুল পূর্বে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে শিক্ষকতা পেশায় যোগ দেন।
মির্জা ফখরুল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
বিএনপিতে যোগদানের পর ১৯৯২ সালে জেলা সভাপতি নির্বাচিত হন এবং ২০০১ সালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে স্থায়ী মহাসচিব নির্বাচিত হন।
কসমিক ডেস্ক