বলিউড সুপারস্টার শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ক্যালিফোর্নিয়ার পোমোনায় নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজস্ব উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার ইতিহাস গড়েছে তারা।
নতুন ভেন্যুতে বুধবার রাতে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম। নিজেদের নতুন মাঠে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেনি শাহরুখ খানের দল। তারা আট উইকেটের ব্যবধানে পরাজিত হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আন্তর্জাতিক মানের নতুন এই স্টেডিয়াম।
প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সব ধরনের মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে আটটি আন্তর্জাতিক মানের পিচ, নির্ধারিত মাপের খেলার মাঠ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার।
স্টেডিয়াম নির্মাণে প্রায় ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি স্থানান্তর করা হয়েছে। আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তিগত সুবিধা এবং আন্তর্জাতিক আয়োজনের উপযোগী নকশার কারণে এটিকে উত্তর আমেরিকার ক্রিকেট অবকাঠামো উন্নয়নের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই ভেন্যুর গুরুত্ব আরও বেড়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে ঘিরে। দীর্ঘ বিরতির পর অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে, আর সেই প্রতিযোগিতার ক্রিকেট ম্যাচগুলোর অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই স্টেডিয়াম। ফলে ভবিষ্যতে এটি শুধু মেজর লিগ ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের সংখ্যা খুবই সীমিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে ব্যবহৃত মাঠটি ছিল অস্থায়ী। কিন্তু পোমোনার এই স্টেডিয়ামটি সারা বছর ক্রিকেট আয়োজনের জন্য স্থায়ীভাবে নির্মিত হওয়ায় দেশটিতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টেডিয়াম উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন শাহরুখ খান। তিনি জানান, একসময় যা ছিল একটি স্বপ্ন, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই অংশীদারত্ব কেবল একটি ক্রিকেট মাঠ নির্মাণের জন্য নয়, বরং খেলাধুলা, বিনোদন, পরিবার এবং মানুষের স্মরণীয় মুহূর্তের মিলনস্থল তৈরির উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করাই তাদের লক্ষ্য।
নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মহীশূরও এই প্রকল্পকে ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক সম্প্রসারণের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এটি শুধু একটি স্টেডিয়াম নয়; বরং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তব প্রতিফলন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন স্টেডিয়ামের ছবি প্রকাশ করে জানায়, মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের নতুন ভেন্যুর যাত্রা শুরু হয়েছে এবং এটি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
উদ্বোধনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস (সাবেক রন আর্টেস্ট)। তার উপস্থিতি যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়াঙ্গন এবং ক্রিকেটের মধ্যে ক্রমবর্ধমান সংযোগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
আগামী কয়েক দিনে এই মাঠে মেজর লিগ ক্রিকেটের আরও একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বমানের এই ভেন্যুকে ঘিরে লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রে খেলাটির বিকাশ নতুন গতি পাবে।
বর্তমানে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক। তাদের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স, যারা তিনবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতেছে। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সও অন্যতম সফল দল। নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে এবার মাঠের বাইরেও বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল নাইট রাইডার্স গ্রুপ।
কসমিক ডেস্ক