মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরে কলঙ্কমুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে তিনি বলেন, স্বাধীনতা দিবসের চেতনাকে সম্মান জানাতে হলে সরকারকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।
তিনি উল্লেখ করেন, বিনা বিচারে ও মিথ্যা মামলায় আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন—যেমন মাজার, কবিগান, নাটক, পালা ও বাউল গানের আসরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ড. আনু মুহাম্মদ আরও বলেন, মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত ভাস্কর্য ও ম্যুরাল যেগুলো আক্রান্ত হয়েছে, সেগুলোর দ্রুত পুনর্নির্মাণ ও মেরামতের উদ্যোগ নিতে হবে।
তার মতে, এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই সরকার নিজেদের ওপর আরোপিত সমালোচনা ও বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে দেওয়া এই বার্তায় তিনি মূলত মানবাধিকার, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
কসমিক ডেস্ক