রাজবাড়ীর সদর উপজেলার রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা-পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কসমিক ডেস্ক