প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোট দিলেন গুলশান কেন্দ্রে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোট দিলেন গুলশান কেন্দ্রে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোট দিলেন গুলশান কেন্দ্রে ছবির ক্যাপশন:

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।

এদিন সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

নির্বাচন কমিশনারের তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। আসনের সংখ্যা ২৯৯টি (একটি আসনে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত)। নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত রাজনৈতিক দল ৫১টি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি।

এবারের নির্বাচনে ২,০২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, যার প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে ২৯১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ প্রার্থী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতের ২২৯ প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন। এছাড়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ১৯৮ প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।

নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি সংস্থা থেকে মোট ৫৫,৪৫৪ দেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে নিয়োজিত রয়েছেন ৭,৯৯৭ জন। এছাড়া স্থানীয় পর্যায়ে ছড়িয়ে থাকা ৪৭,৪৫৭ জন দেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের সংখ্যা ৫৪০ জন।

নির্বাচনের মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২,৬৫৯টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ছাড়াও দুর্গম এলাকায় কিছু অস্থায়ী কেন্দ্র রয়েছে। মোট বুথ বা ভোটকক্ষ সংখ্যা ২,৪৭,৪৮২টি। এর মধ্যে পুরুষ বুথ প্রায় ১,১৫,১৩৭টি এবং নারী বুথ ১,২৯,৬০২টি। সবচেয়ে বড় কেন্দ্রে ঢাকা বিভাগ এবং গাজীপুর-২ আসনে কেন্দ্রের সংখ্যা অন্যান্য আসনের তুলনায় বেশি।

ভোটগ্রহণের জন্য সারা দেশে ৮ লাখের বেশি কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ পেয়েছেন। এর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২,৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২,৪৭,৪৮২ জন এবং পোলিং অফিসার ৪,৯৪,৯৬৪ জন।

এবার ভোটারদের দুটি পৃথক ব্যালট পেপার দেওয়া হয়েছে। একটিতে সংসদীয় প্রার্থীর প্রতীক, অন্যটিতে সংবিধানের মৌলিক পরিবর্তন বা ‘জুলাই সনদ’ অনুমোদনের পক্ষে-বিপক্ষে ভোট।

নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৯,৭০,৯৪৮ জন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনী ১,০৩,০০৩, নৌবাহিনী ৫,০০০, বিমানবাহিনী ৩,৭৩০, বিজিবি ৩৭,৪৫৩, কোস্টগার্ড ৩,৫৮৫, পুলিশ ১,৮৭,৬০৩, র‍্যাব ৯,৩৪৯ এবং আনসার–ভিডিপি ৫,৭৬,৪৮৩ জন। এছাড়া ১,৯২২ বিএনসিসি ক্যাডেট এবং ৪৫,৮২০ গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন। নৌবাহিনী উপকূলীয় ১৭টি আসনের ২৪টি উপজেলায় ও দুটি সিটি করপোরেশনে দায়িত্বে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ২,১০০ জন এবং বিচারিক ম্যাজিস্ট্রেট ৯৫৭ জন দায়িত্ব পালন করছেন।

এভাবে প্রধান উপদেষ্টাসহ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পারমাণবিক অস্ত্র ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ: রাশিয়ার কড়া প্রতি

পারমাণবিক অস্ত্র ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ: রাশিয়ার কড়া প্রতি