সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উভয় আসনেই জয়লাভের পর তিনি এক আসন রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়। বিএনপির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এই তথ্য সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত হয়েছে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪,৩৯৯ ভোটে এগিয়ে। এখানে মোট ভোটার ছিলেন ৩,৩৩,৮১৩ জন, যেখানে ১,৪৭,৮৮৮টি ভোট পড়েছে। বাতিল হয়েছে ২,২১১টি ব্যালট, ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৫,৬৭৭।
বগুড়া-৬ আসনে তিনি ২,১৬,২৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল ৯৭,৬২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে আসন ছাড়ার সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করবে।
কসমিক ডেস্ক