নারী ভোটার ফেরাতে শতভাগ নারী কর্মকর্তার ভোটকেন্দ্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারী ভোটার ফেরাতে শতভাগ নারী কর্মকর্তার ভোটকেন্দ্র

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
নারী ভোটার ফেরাতে শতভাগ নারী কর্মকর্তার ভোটকেন্দ্র ছবির ক্যাপশন:

৫৪ বছরের পুরোনো একটি সামাজিক প্রথা ভেঙে নারী ভোটারদের ভোটকেন্দ্রে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে শতভাগ নারী ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।

নারী ভোটারদের পর্দা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং একজন নারী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭০-এর দশকে জৈনপুরের এক পীরের অনুরোধের পর রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোটকেন্দ্রে যাওয়া বন্ধ করে দেন। সেই সময় থেকে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে। মাঝে মধ্যে হাতে গোনা কয়েকজন নারী ভোট দিতে এলেও তা ছিল খুবই নগণ্য। যদিও দৈনন্দিন কাজকর্ম, হাট-বাজারসহ সামাজিক জীবনে এই এলাকার নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।

রূপসা দক্ষিণ ইউনিয়নে বর্তমানে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯ জন। এই বিপুলসংখ্যক নারী ভোটারকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রে নারীদের জন্য মোট ২০টি বুথ প্রস্তুত করা হয়েছে। এসব বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারী কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নারী পুলিশ ও আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।

এছাড়া সংশ্লিষ্ট ৮ জন প্রার্থীকে এসব বুথে নারী পোলিং এজেন্ট নিয়োগের জন্য লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, নারীরা যেন পর্দা মেনে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়নজুড়ে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। আশা করা হচ্ছে, এবার নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিজিটাল ব্যাংকিংয়ে আগ্রহ বাড়ছে, লাইসেন্স পেতে আবেদন

ডিজিটাল ব্যাংকিংয়ে আগ্রহ বাড়ছে, লাইসেন্স পেতে আবেদন