রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৫০ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬৪ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের মাদক ও আলামত উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি এবং একজন ভিকটিম।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে
কসমিক ডেস্ক