ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অধ্যক্ষের অডিও ভাইরাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অধ্যক্ষের অডিও ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অধ্যক্ষের অডিও ভাইরাল ছবির ক্যাপশন:

রংপুরের পীরগাছা বহুভাষী সাটলিপি প্রশিক্ষণ একাডেমি (বিএম কলেজ)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে মুঠোফোনে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ড দৈর্ঘ্যের ভাইরাল অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক। তবে কথোপকথনের একপর্যায়ে ওই ছাত্রী এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বুধবার (২৯ জুলাই) কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

অভিযোগকারী ছাত্রী বলেন, বাবা-মায়ের পর শিক্ষকের অবস্থান সবচেয়ে সম্মানের। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজই সিদ্ধান্ত জানাবেন দুদক চেয়ারম্যান

আজই সিদ্ধান্ত জানাবেন দুদক চেয়ারম্যান