ভোট ও গণভোট সামনে রেখে শুরু হচ্ছে নিরাপত্তা মোতায়েন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোট ও গণভোট সামনে রেখে শুরু হচ্ছে নিরাপত্তা মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ভোট ও গণভোট সামনে রেখে শুরু হচ্ছে নিরাপত্তা মোতায়েন ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে, যা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ সময় মাঠে দায়িত্ব পালন করবেন এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, সেনাবাহিনী আগে থেকেই প্রস্তুত অবস্থায় রয়েছে। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচনের মাঠে আরও সক্রিয়ভাবে যুক্ত হবে। ভোটের আগে ও পরে মিলিয়ে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে কমিশন মাঠের তথ্য নিয়মিত পাবে বলেও জানান তিনি।

নির্বিঘ্ন ও শঙ্কাহীন ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন পরিচালনার জন্য সহায়ক রয়েছে।

আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, সব ব্যালট বাক্স জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। বর্তমানে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।

ভোটের আগে রাজধানীতে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কিছু আন্দোলন চলমান থাকলেও নির্বাচনকে সামনে রেখে আপাতত এসব কর্মসূচি পরিহার করার পরামর্শ দেন তিনি। কমিশনের মতে, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে এবং ভোটাররাও উৎসবমুখর ভোটের প্রস্তুতিতে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এবার নির্বাচনে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ সদস্য ভোটকেন্দ্রে মোতায়েন থাকবেন। পুলিশের প্রায় দেড় লাখ, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বিজিবির ৩৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনি এলাকায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সব বাহিনী রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে।

এবারের সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে মোট দুই হাজার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারাদেশে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য স্থাপন করা হয়েছে প্রায় ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বতন্ত্র প্রার্থী ইস্যুতে শৃঙ্খলা ফেরাতে মরিয়া বিএনপি

স্বতন্ত্র প্রার্থী ইস্যুতে শৃঙ্খলা ফেরাতে মরিয়া বিএনপি