ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী Sanchita Ugale-এর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
১৪ জুন ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
সঞ্চিতা উগালে ভারতীয় টেলিভিশন জগতে পরিচিত মুখ ছিলেন। জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ তিনি দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’সহ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই তরুণ অভিনেত্রী। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২ : দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমায়ও তার উপস্থিতি ছিল।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
কসমিক ডেস্ক