আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য পাওয়া যায়। চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তার সঙ্গে নিয়োজিত সশস্ত্র রিটেইনারের জন্য বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে আবেদন করেছেন।
ইসি চিঠিতে জানায়, দাখিলকৃত আবেদনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে নির্বাচনী কার্যক্রম চলাকালে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রার্থীদের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত আবেদন পেলে তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে এবং প্রার্থীরা প্রচারণা কার্যক্রম জোরদার করেছেন।
কসমিক ডেস্ক