চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ৫৯ বছর বয়সী শ্বশুর ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী গত ২০ মে সকালে তার শিশুসন্তানকে নিতে শ্বশুর ওমর আলীর ঘরে যান। ওই সময় শ্বশুর তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং বিচার দাবি করেন। তবে অভিযোগ অনুযায়ী পরিবারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি পরদিন রংপুরে তার বাবার বাড়িতে চলে যান।
পরবর্তীতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তিনি দামুড়হুদা মডেল থানায় তার শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ওমর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি গ্রামে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া একই দিন ভুক্তভোগী নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসমিক ডেস্ক