মাস্কাটে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা, কেন্দ্রবিন্দুতে পারমাণবিক ইস্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাস্কাটে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা, কেন্দ্রবিন্দুতে পারমাণবিক ইস্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
মাস্কাটে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা, কেন্দ্রবিন্দুতে পারমাণবিক ইস্যু ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় অংশ নিতে মাস্কাটে পৌঁছেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আলোচনায় যুক্ত হওয়ার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এই বৈঠকের প্রধান লক্ষ্য হলো পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য, পারস্পরিকভাবে গ্রহণযোগ্য এবং মর্যাদাপূর্ণ সমঝোতায় পৌঁছানো। তবে আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক ও নিরাপত্তা–সংক্রান্ত অন্যান্য বিষয় আলোচনার আওতায় আনতে আগ্রহী। তবে তেহরান শুরু থেকেই এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করে আসছে এবং আলোচনাকে শুধু পারমাণবিক ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হতে পারে। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও মতপার্থক্যের কারণে আলোচনা কতদূর অগ্রসর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে আলোচনার মধ্যেই ইরানের সামরিক প্রস্তুতি নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। তিনি বলেছেন, ব্যালিস্টিক মিসাইলের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ইরান তার প্রতিরোধ ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড কোরের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। ওই সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভিও উপস্থিত ছিলেন।

জেনারেল মুসাভি জানান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ফলে ইরান এখন আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। শত্রুর সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি দাবি করেন।

গত বছরের জুনে সংঘটিত ১২ দিনের সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ের পর ইরান তার সামরিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। রক্ষণাত্মক অবস্থান থেকে সরে এসে এখন অসম যুদ্ধ ও কঠোর জবাবের সক্ষমতার দিকে জোর দেওয়া হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র নতুন করে নৌ ও বিমান বাহিনী মোতায়েনের পাশাপাশি ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। অপরদিকে ইরানও স্পষ্ট করে জানিয়েছে, যেকোনো ভুল হিসাবের জবাব হবে তাৎক্ষণিক ও চূড়ান্ত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা

বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা