মোদিকে ‘কটাক্ষ’, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মোদিকে ‘কটাক্ষ’, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
মোদিকে ‘কটাক্ষ’, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর, বিকৃত ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস এবং একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ককরোচ জনতা পার্টি (সিজিপি)-এর আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি ও ভিডিও সম্পাদনা করে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। এসব কনটেন্টের কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

হায়দরাবাদ সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীদের করা একাধিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া কিছু পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননাকর ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তেলঙ্গানার বিজেপি কর্মী টি সাইকিরণ গৌড় এবং স্থানীয় ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন। তারা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এসব ছবি ও ভিডিও শুধু মানহানিকরই নয়, বরং জনমনে বিদ্বেষ, ভুল তথ্য এবং সামাজিক অস্থিরতা ছড়িয়ে দিতে পারে।

অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট পোস্টগুলোতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর ভাষা ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সাইবার ক্রাইম ইউনিট।

এদিকে শুধু হায়দরাবাদেই নয়, দিল্লিতেও একই ধরনের অনলাইন কনটেন্ট নিয়ে নজরদারি জোরদার করেছে পুলিশ। সম্প্রতি যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ ও ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত উসকানিমূলক পোস্টের ঘটনায় কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অনলাইন সংবাদমাধ্যমকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, এআই-নির্ভর বিকৃত কনটেন্ট এবং মানহানিকর পোস্টের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী ঢাকার ডিসি

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী ঢাকার ডিসি