দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন একসময় ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর অন্ধ ভক্ত। অভিনয়জীবনের শুরুর অনেক আগে, স্কুলজীবনে শ্রীদেবীর প্রতি তার গভীর অনুরাগ ছিল। আর সেই আবেগের কারণেই ১৯৯৬ সালে শ্রীদেবীর বিয়ের খবর শুনে পুরো দিন কান্নায় কাটিয়েছিলেন তিনি।
একটি পুরোনো সাক্ষাৎকারে আল্লু অর্জুন নিজের শৈশবের এই স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, শ্রীদেবীর প্রতি তার শুধু ভক্তি নয়, এক ধরনের গভীর ‘ক্রাশ’ ছিল। অভিনেতার ভাষায়, “শ্রীদেবীর প্রতি আমার প্রচণ্ড ক্রাশ ছিল। আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তার জায়গায় অন্য কাউকে কল্পনা করতে পারতাম না। যখন জানতে পারলাম তিনি বনি কাপুরকে বিয়ে করেছেন, সেদিন সারা দিন আমি কেঁদেছিলাম।”
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী ১৯৯৬ সালের ২ জুন প্রযোজক বনি কাপুরকে গোপনে বিয়ে করেন। মহারাষ্ট্রের শিরডিতে সীমিত পরিসরে আয়োজিত সেই বিয়ের খবর কয়েক মাস গোপন রাখা হয়েছিল। পরে ১৯৯৭ সালে প্রথম কন্যা জাহ্নবী কাপুরকে গর্ভে ধারণের খবর প্রকাশের পর তাদের বিয়ের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে সামনে আসে।
তৎকালীন সময়ে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই বিতর্ক পেছনে ফেলে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিতি পান তারা।
১৯৬৭ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করা শ্রীদেবী দীর্ঘ ক্যারিয়ারে তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে দুর্ঘটনায় তার মৃত্যু ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করে।
অন্যদিকে, বর্তমানে আল্লু অর্জুন স্ত্রী স্নেহা রেড্ডি ও দুই সন্তানকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন। ‘পুষ্পা ২: দ্য রুল’-এর সাফল্যের পর তার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের প্রকল্প। পরিচালক অ্যাটলি কুমার-এর সঙ্গে বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক ‘রাকা’ সিনেমায় তিনি অভিনয় করছেন, যেখানে তার সহশিল্পী দীপিকা পাড়ুকোন। পাশাপাশি পরিচালক লোকেশ কনগরাজ-এর সঙ্গেও নতুন একটি মেগা প্রজেক্টে কাজের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা।
কসমিক ডেস্ক