ইন্দোনেশিয়ার অস্থির পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলট নিহত হওয়ার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। একই সঙ্গে তার চালানো একটি বেসামরিক বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।
বিদ্রোহী সংগঠন ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)-এর মুখপাত্র সেবি সামবোম দাবি করেন, নিহত পাইলটের নাম নিকোলাস এফ. গসেলিন। তার ভাষ্য অনুযায়ী, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণের পর বিদ্রোহীরা সেটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
সামবোম অভিযোগ করেন, বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল এবং বিদ্রোহী গোষ্ঠীর জারি করা সতর্কবার্তা অমান্য করছিল। তিনি এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে একটি রাজনৈতিক বার্তা বলেও উল্লেখ করেন।
সম্পদসমৃদ্ধ পশ্চিম পাপুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছে উন্নত অস্ত্র পৌঁছানোর কারণে হামলা ও প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
অন্যদিকে, পাপুয়ায় মোতায়েন ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ-সামরিক বাহিনীর মুখপাত্র ইউসুফ সুতেজো জানান, ইয়াহুকিমোর একটি বিমানবন্দরে এক মার্কিন পাইলটের পরিচালিত একটি বিমান পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, বিমানটিতে সাতজন পাপুয়া যাত্রী ছিলেন।
তবে বিমানটি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে কি না কিংবা মার্কিন পাইলট নিহত হয়েছেন কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বা দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।
এ কারণে ঘটনাটির প্রকৃত কারণ ও হতাহতের তথ্য নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
কসমিক ডেস্ক