‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ আগস্ট প্রতিযোগিতার উদ্বোধন হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রতিযোগিতার উদ্বোধনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে নতুন সময়সূচির সম্ভাব্য সময় উল্লেখ করা হলেও প্রতিযোগিতার চূড়ান্ত উদ্বোধনের তারিখ, ভেন্যু এবং খেলার বিস্তারিত সূচি এখনো প্রকাশ করা হয়নি। মাউশি জানিয়েছে, এসব তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা দেশের স্কুলপর্যায়ের অন্যতম বড় ক্রীড়া আয়োজন। প্রতি বছর এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা নিজেদের ফুটবল প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা এবং স্কুলপর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী করাই এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতার প্রস্তুতি আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। প্রতিযোগিতার সংশোধিত সময়সূচি প্রকাশের পর অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
কসমিক ডেস্ক