কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু ছবির ক্যাপশন:

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে নয়জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান অক্ষর সৌভিক রায়। পরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় হঠাৎ তিনি সমুদ্রে ছিটকে পড়ে যান। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, দরিয়ানগর এলাকার সংশ্লিষ্ট প্যারাসেইলিং প্রতিষ্ঠানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ এই দুর্ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্যারাসেইলিংসহ সমুদ্রভিত্তিক অ্যাডভেঞ্চার কার্যক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তেরও দাবি উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স