টাঙ্গুয়ার হাওর সংলগ্ন শ্রীপুর বাজার এলাকার পাটলাই নদীতে পর্যটকবাহী একটি চলন্ত নৌযান থেকে পড়ে তামিম আহমদ (কিশোর) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তামিম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গলোয় গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলা থেকে ২৫ থেকে ৩০ জন পর্যটক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌযান টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হয়। তারা রাতে ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক এলাকায় অবস্থান করেন।
শনিবার দুপুরে ফেরার পথে শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত অবস্থায় হঠাৎ করে তামিম নৌযান থেকে নদীতে পড়ে যায়। সঙ্গে থাকা অন্যান্য পর্যটক ও নৌযানের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। তবে প্রবল স্রোত ও বিস্তীর্ণ নদী এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, টাঙ্গুয়ার হাওর ও আশপাশের নদীপথে পর্যটন মৌসুমে নৌযান চলাচল বৃদ্ধি পেলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।
কসমিক ডেস্ক