সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি নাগরিকদের দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী জানান, ইউএই ভিসা-সংক্রান্ত সমস্যার বিষয়ে সরকার সম্পূর্ণ অবগত। তিনি বলেন, এ সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
নুরুল হক নুর বলেন, দেশের নাগরিকদের প্রতি সরকার দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ইতিবাচক কিছু করতে পারলে তা যেমন ব্যক্তিগতভাবে তার জন্য আনন্দের হবে, তেমনি সরকারের জন্যও একটি গুরুত্বপূর্ণ সাফল্য হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের মধ্যে যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে, তা অমূলক নয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং বাস্তবসম্মত সমাধানের চেষ্টা করছেন।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সমস্যার সমাধানে কিছুটা সময় লাগতে পারে। তবে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে নতুন ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। দেশটিতে কর্মসংস্থানের সুযোগ ও নতুন ভিসা ইস্যু দীর্ঘদিন ধরে সীমিত থাকায় বহু কর্মপ্রত্যাশী এবং প্রবাসী বাংলাদেশি এই সমস্যার দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন। সরকারের সাম্প্রতিক উদ্যোগ সেই প্রত্যাশা পূরণে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সবার।
কসমিক ডেস্ক