শ্রমিকসেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল উদ্যোগ-শ্রমমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শ্রমিকসেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল উদ্যোগ-শ্রমমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
শ্রমিকসেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল উদ্যোগ-শ্রমমন্ত্রীর ছবির ক্যাপশন:

দেশের শ্রমিকসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সেবার মানোন্নয়ন এবং সুবিধাভোগীদের তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণের লক্ষ্যে পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুতের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ঢাকায় শ্রম ভবনে মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ভুল ও হালনাগাদ তথ্যভিত্তিক তালিকা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, বর্তমানে অনেক শ্রম কল্যাণ কেন্দ্রে কোন শ্রমিক কী ধরনের সেবা পাচ্ছেন তার পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য সংরক্ষণ নেই। এর ফলে সেবার কার্যকারিতা মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে। সঠিক তথ্য না থাকলে পরিকল্পনা প্রণয়ন, বাজেট বরাদ্দ ও বাস্তবায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়।

এ প্রেক্ষাপটে মন্ত্রী প্রতিটি কেন্দ্রভিত্তিক সুবিধাভোগী শ্রমিকের নাম, পেশা, কর্মস্থল, যোগাযোগের তথ্য এবং প্রাপ্ত সেবার বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ডাটাবেইস তৈরির উদ্যোগ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, এই তালিকা প্রস্তুত হলে শ্রমিকদের জন্য গৃহীত কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ অনেক সহজ হবে।

শ্রমমন্ত্রী আরও বলেন, প্রকৃত শ্রমিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পান এবং কোনো ধরনের অনিয়ম বা হয়রানি না হয়, সে বিষয়েও নজরদারি জোরদার করা সম্ভব হবে। স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সেবার মান বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের আস্থা বাড়বে।

সভায় তিনি শ্রম অধিদপ্তরের আইটি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ধাপে ধাপে শ্রমিকসেবা ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ডিজিটাল ডাটাবেইস চালু হলে তথ্য যাচাই, সেবা ট্র্যাকিং এবং মনিটরিং সহজ হবে। পাশাপাশি অনিয়ম শনাক্ত করাও দ্রুত সম্ভব হবে।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করতে হবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণে পরিচালিত কার্যক্রম যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব উপকারভোগীদের কাছে পৌঁছায়—এ বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিটি কেন্দ্রের কার্যক্রম নিয়মিত মূল্যায়নের আওতায় আনতে হবে।

ডিজিটাল রূপান্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রম কল্যাণ কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে শ্রমিকদের সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ হবে এবং প্রশাসনিক জটিলতা কমবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন হলে তা ভবিষ্যৎ নীতিনির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে। শ্রমিকসেবার মান উন্নয়ন এবং অনিয়ম-হয়রানি রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এপস্টিনের নথির ছবিতে স্টিফেন হকিংয়ের পাশে থাকা দুই নারী কে?

এপস্টিনের নথির ছবিতে স্টিফেন হকিংয়ের পাশে থাকা দুই নারী কে?