ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো এবার লিওনেল মেসির সতীর্থ। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে বিনামূল্যে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।
রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলেছেন কাসেমিরো। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অসংখ্য শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ব্রাজিল জাতীয় দলে খেলেছেন নেইমার জুনিয়রের সঙ্গেও। এবার মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলের মতো তারকাদের সঙ্গে একই দলে দেখা যাবে তাকে।
তবে কাসেমিরোকে দলে নেওয়ার আনন্দের মধ্যেই নতুন সমস্যায় পড়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ট্রান্সফার প্রক্রিয়ায় এমএলএসের নিয়ম ভঙ্গ করা হয়েছে কি না, তা তদন্ত করছে লিগ কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ, কাসেমিরোর সঙ্গে চুক্তির আগে এমএলএসের নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ক্লাবটির খেলোয়াড়টির সঙ্গে যোগাযোগ ও আলোচনার প্রক্রিয়া নিয়মসঙ্গত ছিল কি না, সেটিই এখন তদন্তের মূল বিষয়।
এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবে না।
এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার থাকে সেই ক্লাবের, যার নাম ওই খেলোয়াড়ের ‘ডিসকভারি লিস্ট’-এ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির। এরপরও ইন্টার মায়ামি সরাসরি যোগাযোগ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কাসেমিরোর ট্রান্সফার নিয়ে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সির মধ্যে কোনো সমঝোতা হয়েছিল কি না, সেটিও তদন্তের অংশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে না।
অন্যদিকে, ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মায়ামি কাসেমিরোকে দলে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এমএলএসের কাছে অভিযোগ জানিয়েছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, কাসেমিরোর সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে ইন্টার মায়ামি। তবে পারফরম্যান্স ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
এখন তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছে ফুটবল বিশ্ব। অভিযোগ থেকে ইন্টার মায়ামি মুক্তি পেলে কাসেমিরো খুব শিগগিরই মেসি, সুয়ারেজ ও দি পলের সঙ্গে মাঠে নামবেন। তবে নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে ক্লাবটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কসমিক ডেস্ক