আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন মানতে পারছি না: সালাউদ্দিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন মানতে পারছি না: সালাউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন মানতে পারছি না: সালাউদ্দিন ছবির ক্যাপশন:
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলতে না পারা প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল-এর মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সালাউদ্দিন বলেন, “উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে—আমরা এটা মানতে পারছি না।”

গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেছিলেন, সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটাররা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি বলেন, ক্রিকেটাররা আত্মত্যাগ করেছে। এই বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দেন সালাউদ্দিন।

তার ভাষ্য অনুযায়ী, একটি বিশ্বকাপ একজন ক্রিকেটারের ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন। দীর্ঘ প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং মানসিক প্রস্তুতির পর সেই মঞ্চে ওঠার সুযোগ আসে। কিন্তু সেই সুযোগ হারানো ক্রিকেটারদের জন্য গভীর মানসিক আঘাতের কারণ হয়েছে।

সালাউদ্দিন জানান, বিশ্বকাপ মিস করার পর দলের দুই ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। “আমার দুটো খেলোয়াড় পাঁচদিন ধরে কোমায় থাকার মতো অবস্থায় চলে গিয়েছিল,”—এভাবে তাদের মানসিক অবস্থার বর্ণনা দেন তিনি। তাদের পুনরায় মাঠে ফিরিয়ে আনা ছিল বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, “একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ২৭ বছরের স্বপ্ন নিয়ে আসে। সেই স্বপ্ন এক সেকেন্ডে নষ্ট হয়ে গেল। ব্যক্তিগত ক্ষতির চেয়েও বড় হলো মানসিক ক্ষতি। আমরা ওদের টুর্নামেন্ট আয়োজন করে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—কোচিং জীবনে এটাকেই আমার সবচেয়ে বড় সাফল্য মনে করি।”

সালাউদ্দিনের মতে, দেশের স্বার্থে ক্রিকেটাররা অনেক কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকেন। তবে তাদের মানসিক অবস্থা ও স্বপ্নের প্রতি সংবেদনশীল হওয়া প্রয়োজন। “আমি কি ছেলেটার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছি? সেটা করলে অনেক কিছু মানা যায়,”—যোগ করেন তিনি।

এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলও চমক দেখিয়েছে। তারা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার উইকেটের আচরণও ছিল ব্যাটিং-বান্ধব। এসব বিবেচনায় বাংলাদেশের ভালো করার সুযোগ ছিল বলে মনে করেন সালাউদ্দিন।

তিনি বলেন, “কলকাতা আর শ্রীলঙ্কার উইকেট দেখে মনে হয়েছে আমরা ভালো করতে পারতাম। খেলার মান যেমন দেখছি, আমাদের সুযোগ ছিল। অধিনায়ক বা খেলোয়াড় এক বছর আগে থেকে প্রস্তুতি নেয়। দিনশেষে তার জন্য এটা বড় ক্ষতি।”

বিশ্বকাপ মিস করা নিয়ে বিতর্ক এখনো থামেনি। তবে সহকারী কোচের এই প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটারদের স্বপ্নভঙ্গ ও মানসিক আঘাতের প্রসঙ্গ সামনে এনে তিনি বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটে কারচুপি বা অনৈতিক চেষ্টা করলে ছাড় নেই: ইসি

ভোটে কারচুপি বা অনৈতিক চেষ্টা করলে ছাড় নেই: ইসি