ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বুধবার ভোর দুই তরুণী ও এক যুবকের ওপর সংঘটিত মারধর ও নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা দুই শিক্ষার্থীকে শনাক্ত করেছে। তারা হলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের আহমেদ রাকিব এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার তুষার। ঘটনার পর থেকে উভয় শিক্ষার্থী পলাতক এবং তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৫৩ মিনিটে একটি মোটরসাইকেল এসে টিএসসি এলাকায় থামে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। কথাকাটাকাটির একপর্যায় ঘটনা সহিংসতায় রূপ নিলে মোটরসাইকেল চালক যুবকের ওপর প্রথমে আক্রমণ করা হয়। পরে আরও দুই তরুণী ও এক যুবক ঘটনাস্থলে এলে তাদেরও মারধর করা হয়। প্রায় ২৫ মিনিটের হামলায় হেলমেট, লাঠি, ঘুষি এবং ‘ফ্লাইং কিক’ ব্যবহার করা হয়। বিশেষ করে দুই তরুণীর মাথায় হেলমেট দিয়ে একাধিকবার আঘাতের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
ভুক্তভোগীদের একজন জানান, হামলার কোনো কারণ তিনি বুঝতে পারেননি। হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়নি। পরে তারা লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, নারীদের ওপর এই হামলার ভিডিও প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্কবার্তা দিয়েছেন, টিএসসি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং যে কোনো সহিংস ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
কসমিক ডেস্ক