ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ শুরুর আগেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আলোচনায় এসেছে জাফনা কিংস। ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক মনজোত কালরাকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তকে শিগগিরই আদালতে হাজির করা হবে।

জাফনা কিংসে বর্তমানে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলছেন। ফলে এই ঘটনাকে ঘিরে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্তে কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

জানা গেছে, জাফনা কিংসের বর্তমান মালিকানায় রয়েছে ক্রীড়া ব্যবসাপ্রতিষ্ঠান স্পোর্টস কমিউন। ২০২৬ মৌসুমের আগে ভারতীয় উদ্যোক্তা মনজোত কালরা ও ময়াঙ্ক গোয়েল ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেন।

শ্রীলঙ্কার ক্রীড়া তদন্ত ইউনিটের পরিদর্শক সুপুন বিদানাগে স্থানীয় গণমাধ্যমকে জানান, কলম্বোর একটি হোটেল থেকে মনজোত কালরাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি একজন খেলোয়াড়কে ম্যাচ প্রভাবিত করার উদ্দেশ্যে প্রায় ৯৫ লাখ শ্রীলঙ্কান রুপি (প্রায় ২৮ হাজার ৭০০ মার্কিন ডলার) দেওয়ার চেষ্টা করছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট খেলোয়াড় প্রায় ১০ দিন আগে প্রথম প্রস্তাব পাওয়ার পরই বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর নজরদারি ও তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে কালরাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জাফনা কিংসের ইতিহাসও বেশ ঘটনাবহুল। ২০২০ সালে জাফনা স্ট্যালিয়ন্স নামে যাত্রা শুরু করা দলটি পরে লাইকা গ্রুপের মালিকানায় জাফনা কিংস নামে পরিচিতি পায়। তবে ২০২৫ সালের এপ্রিলে ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় ব্যর্থতার অভিযোগে লাইকা গ্রুপের মালিকানা বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কায় ক্রীড়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট অনুযায়ী ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং বা খেলাধুলার ফলাফল প্রভাবিত করার যেকোনো প্রচেষ্টা ফৌজদারি অপরাধ। দোষী সাব্যস্ত হলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রয়েছে।

উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শুক্রবার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে। তিন সপ্তাহব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নেবে। উদ্বোধনী আয়োজনে থাকবে সংগীত পরিবেশনা, ট্রফি উন্মোচন, দলগুলোর পরিচয়পর্ব এবং ৫০০ ড্রোনের লাইট শো। আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের এলপিএল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মহানায়কের আগমনে উত্তাল বাংলা, প্রত্যাবর্তনে জনসমুদ্রে পরিণত

মহানায়কের আগমনে উত্তাল বাংলা, প্রত্যাবর্তনে জনসমুদ্রে পরিণত