চোট আর ফিটনেস ভোগাচ্ছে, অবসরের ইঙ্গিত নেইমারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চোট আর ফিটনেস ভোগাচ্ছে, অবসরের ইঙ্গিত নেইমারের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
চোট আর ফিটনেস ভোগাচ্ছে, অবসরের ইঙ্গিত নেইমারের ছবির ক্যাপশন:

সময়টা খুব একটা অনুকূলে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার-এর। দীর্ঘদিনের চোট, বারবার ছিটকে যাওয়া আর বর্তমান ফিটনেস সংকট—সব মিলিয়ে তার ফুটবল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে। সেই বাস্তবতারই প্রতিফলন হিসেবে ৩৪ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন সাবেক বার্সেলোনা তারকা এই ফরোয়ার্ড।

সম্প্রতি ব্রাজিলের একটি অনলাইন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানান, চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নিতে পারেন। তার ভাষায়, “আগামী বছর কী হবে আমি জানি না। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি কেবল এই বছরটি নিয়েই ভাবছি।” তিনি আরও বলেন, শেষ পর্যন্ত তার হৃদয়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

ক্যারিয়ারজুড়ে একের পর এক চোট নেইমারকে এমন কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। গত বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোস-এ ফেরেন তিনি। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত।

চোট নিয়েই গত মৌসুমে সান্তোসের হয়ে খেলতে হয়েছে তাকে। দলকে অবনমন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর জন্য বড় শারীরিক মূল্য দিতে হয়েছে নেইমারকে। ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। তবে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে সাবধানী ফুটবল খেলতে হচ্ছে—এ কথা নিজেই স্বীকার করেছেন এই তারকা।

নেইমারের বড় লক্ষ্য ২০২৬ বিশ্বকাপে খেলা। কিন্তু চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি আর ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তার জন্য দরজা খোলা রাখলেও স্পষ্ট শর্ত দিয়েছেন—পূর্ণ ফিটনেসে ফিরতে হবে। নেইমারও মনে করেন, বর্তমান শারীরিক অবস্থায় বিশ্বকাপে জায়গা করে নেওয়া তার জন্য এক বড় চ্যালেঞ্জ।

নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নেইমার জানান, এখন তিনি শুধুমাত্র এই মৌসুমটিতে নিজের সর্বোচ্চটা দিতে চান। অবসর নেবেন কি না—সে সিদ্ধান্ত ডিসেম্বরের কাছাকাছি গিয়েই চূড়ান্ত হবে বলে ইঙ্গিত দেন তিনি।

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নেইমার ইতোমধ্যে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন। ১২৮ ম্যাচে ৭৯টি গোল করে তিনি দেশটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ইউরোপীয় ফুটবলে বার্সেলোনা-র হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি পিএসজি-র হয়েও অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই ফরোয়ার্ড ব্রাজিল ফুটবলের এক অবিচ্ছেদ্য নাম।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ হিসেবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। নেইমার যদি সত্যিই ডিসেম্বরে অবসরের সিদ্ধান্ত নেন, তবে তার আগে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করবেন—এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যৌথবাহিনীর চেকপোস্টে নগদ টাকাসহ বিএনপি সমর্থক গ্রেপ্তার

যৌথবাহিনীর চেকপোস্টে নগদ টাকাসহ বিএনপি সমর্থক গ্রেপ্তার