বান্দরবানে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১,০৯৭ পরিবার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বান্দরবানে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১,০৯৭ পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
বান্দরবানে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১,০৯৭ পরিবার ছবির ক্যাপশন: বান্দরবানের লামা উপজেলায় পাইলট প্রকল্পে ১,০৯৭ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে

বান্দরবানে প্রথম ধাপে পাইলট প্রকল্পের আওতায় এক হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। আগামী ১০ মার্চ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রোববার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রশাসন সূত্রে জানা গেছে, সারাদেশে ১০ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ০.৫ একরের কম জমির মালিক পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হলো দরিদ্র ও হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে।

এছাড়া নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, প্রথম ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট এক হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ের সময় ১৩৮টি পরিবারের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

পরবর্তীতে অবশিষ্ট এক হাজার ৯৭টি পরিবারকে চূড়ান্তভাবে নির্বাচন করে কেন্দ্রীয় ফ্যামিলি কার্ড বাছাই কমিটির কাছে তালিকা পাঠানো হয়েছে। এই পরিবারগুলোর মাঝেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সারাদেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। এর অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১,০৯৭ পরিবার এই সুবিধা পাবে।

বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, দেশের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে।

তিনি আরও জানান, এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবির পণ্য পাবে।

উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলায় ১১টি পাহাড়ি জনগোষ্ঠীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকাভুক্ত করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় পতাকা হাতে আ. লীগ নেতাকর্মীদের স্লোগান

নওগাঁয় পতাকা হাতে আ. লীগ নেতাকর্মীদের স্লোগান