নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের জোরালো সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের জোরালো সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের জোরালো সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ছবির ক্যাপশন:

বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের ফলে সৃষ্ট বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে নারী ও কন্যাশিশুর সুরক্ষা ও ক্ষমতায়নে ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা কামনা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএন উইমেনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়ারাদজাই গুম্বোনজভান্দারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এতে দেশের ওপর অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।

তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে ইউএন উইমেনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন। একই সঙ্গে প্রত্যাবাসনের পর রোহিঙ্গা নারী ও কন্যাশিশুরা যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন, সব ধরনের অধিকার ভোগ করতে পারেন এবং টেকসই জীবিকার সুযোগ পান—সে বিষয়ে সহযোগিতা চান।

অর্থ উপদেষ্টা বলেন, চলমান বৈশ্বিক সংকট বাংলাদেশের আর্থিক সক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কঠোর ঋণশর্তের কারণে অনুদান ও স্বল্পসুদে অর্থায়নের সুযোগও সীমিত হয়ে পড়েছে।

তিনি নারী ও কন্যাশিশুর সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও শক্তিশালী করতে ইউএন উইমেনের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সরকারের নারী-কেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং জীবনচক্রভিত্তিক সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা।

এ সময় বাংলাদেশের লিঙ্গ সমতায় অগ্রগতির প্রশংসা করেন ইউএন উইমেনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়ারাদজাই গুম্বোনজভান্দা। তিনি ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে নারীকেন্দ্রিক সামাজিক সুরক্ষার একটি উদ্ভাবনী কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

তিনি কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি লিঙ্গ সমতা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারায়ণগঞ্জে অভিযানে মাদকসহ আটক ১৯

নারায়ণগঞ্জে অভিযানে মাদকসহ আটক ১৯