সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর ও সেখানে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় সোলেমান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোর প্রায় ৪টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা দুটি গরু আগুনে মারা যায়।
ঘটনার খবর পেয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৬ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার এবং কম্বল দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিষয়টি মূল্যায়ন করে প্রয়োজন হলে ভবিষ্যতেও সহায়তার ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা বিদ্যুতের লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
কসমিক ডেস্ক