রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও কিছু ভুক্তভোগী মায়ের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি। এ কারণে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এক মায়ের অনুরোধে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ রাখা হয়েছিল। ওই সময় পর্যাপ্ত ভেন্টিলেশনের ঘাটতি ছিল কি না, তা তদন্তে যাচাই করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই সময় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। পরবর্তীতে একাধিক নবজাতকের অবস্থার অবনতি হলে তাদের এনআইসিইউতে নেওয়া হয়, যেখানে একে একে ছয় নবজাতকের মৃত্যু ঘটে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কসমিক ডেস্ক